মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

জমকালো আয়োজনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত




নিজস্ব প্রতিবেদন :

সিলেট বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হলেও দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার—এমন মন্তব্য করেছেন লিডিং ইউনিভার্সিটি, সিলেট-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. তাজ উদ্দিন। তিনি বলেন, দেশের সিংহভাগ রেমিট্যান্স বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটিদের কাছ থেকেই আসে। অথচ যোগাযোগব্যবস্থা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, বিমানবন্দর ও পাসপোর্ট সেবাসহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সিলেট বরাবরই উপেক্ষিত।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক উৎসব-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি গত রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী সিলেটিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

ড. তাজ উদ্দিন আরও বলেন, ভঙ্গুর সড়ক যোগাযোগ ব্যবস্থা, ট্রেনের ডাবল লাইন ও দ্রুতগামী ট্রেনের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকায় সিলেটের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা চরম ভোগান্তিকর হয়ে উঠেছে। এসব বিষয়ে সরকারকে আরও আন্তরিকভাবে নজর দিতে হবে।

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, লেখক ও সাংবাদিক আফতাব চৌধুরী, কেমুসাস মতিন-উদ-দীন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নাইম উদ্দিন। পরে জাতীয় সংগীত পরিবেশন, ফিতা ও কেক কাটার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মুহিব।

অনুষ্ঠানে দেশ ও মানুষের কল্যাণে বিশেষ অবদানের জন্য দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী এবং বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে তাঁদের জীবনের নানা দিক তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সম্মানিত অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন প্রবাসী সিলেটিদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, প্রবাসীদের দাবি-দাওয়া বাস্তবায়নের মাধ্যমেই তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব।

লেখক ও সাংবাদিক আফতাব চৌধুরী বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত হলেও সিলেট বিমানবন্দরের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। এটি সিলেটবাসীর সঙ্গে প্রতারণার শামিল। সরকারকে এ অবস্থা থেকে উত্তরণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সম্মাননা গ্রহণ করে দানবীর ড. রাগীব আলী বলেন, এ ধরনের স্বীকৃতি নতুন প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করবে। পাশা খন্দকার এমবিই অনুভূতি প্রকাশ করে বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করার এই উদ্যোগ আরও এগিয়ে যাক—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। এছাড়া জালালাবাদ উৎসব উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

উল্লেখ্য, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন প্রতিষ্ঠার মাত্র চার বছরের মধ্যে বিশ্বের ৩১টি দেশে কমিটি গঠন করেছে। এর আগে যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সে আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হলেও এবারের ৪র্থ আন্তর্জাতিক উৎসব জন্মভূমি সিলেটে অনুষ্ঠিত হওয়ায় প্রবাসী ও দেশীয় সিলেটিদের মধ্যে বিশেষ আবেগ সৃষ্টি হয়।

পরিশেষে সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: