রবিবার, ১৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

প্যারিসে সাফের ৭ম ‘ঈদ বাজার’ বাণিজ্য মেলা অনুষ্ঠিত




ডেস্ক রিপোর্ট :

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ বাজার ২০২৬’ শীর্ষক বাণিজ্য মেলা। প্রবাসী সংগঠন Solidarités Asie France (SAF)–এর উদ্যোগে শনিবার প্যারিসের Place de la Bastille চত্বরে এ মেলার আয়োজন করা হয়। এটি ছিল সংগঠনটির আয়োজনে সপ্তমবারের মতো অনুষ্ঠিত ঈদ বাজার।

মেলা বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রবাস জীবনের ব্যস্ততা ও একঘেয়েমির মাঝে এমন আয়োজন প্রবাসীদের মাঝে আনন্দ ও মিলনের আবহ তৈরি করে। সেই লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও ঈদকে সামনে রেখে বাণিজ্য মেলার আয়োজন করে সলিডারিটি আজি ফ্রান্স।

মেলার শুরুতে সংগঠনের সভাপতি নয়ন এন কে স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সকাল ১০টা থেকে বিভিন্ন স্টল মালিক, স্বেচ্ছাসেবক এবং দর্শনার্থীদের আগমনে অল্প সময়ের মধ্যেই পুরো চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী মেলায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মেলায় বড়দের জন্য কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল। শিশুদের জন্যও ছিল নানা বিনোদনমূলক কার্যক্রম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো সময়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনেকের কাছে এটি যেন প্রবাসের মাটিতে দেশের ঈদের আগমুহূর্তের অনুভূতি ফিরিয়ে আনে।

মেলায় অংশগ্রহণকারী দর্শনার্থীদের অনেকেই তাদের অনুভূতির কথা জানান। দর্শনার্থী সেলিম ভূঁইয়া বলেন, প্রায় আট বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি। প্রথমবারের মতো এই মেলায় অংশ নিয়ে তিনি বেশ আনন্দিত। প্রবাসে পরিবার থেকে দূরে থাকার কারণে অনেক সময় একাকিত্ব অনুভব করেন, কিন্তু একসঙ্গে এত বাঙালির উপস্থিতি তাকে আবেগাপ্লুত করেছে। ভবিষ্যতেও এমন আয়োজনে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

আরেক দর্শনার্থী আয়মা নূর জানান, পড়াশোনা ও পার্ট-টাইম চাকরির ব্যস্ততায় তার সময় কেটে যায়। এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশ নিতে পেরে তিনি বেশ স্বস্তি অনুভব করেছেন।

মেলার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বিদেশি দর্শনার্থীদের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। দেশীয় পোশাক ও সংস্কৃতির বৈচিত্র্য দেখে অনেক বিদেশি দর্শনার্থী মুগ্ধতা প্রকাশ করেন।

মেলায় প্রায় পঞ্চাশটির বেশি স্টল ছিল। এসব স্টলে দেশীয় পোশাকের পাশাপাশি ঘরোয়া পদ্ধতিতে তৈরি বিভিন্ন খাবার বিক্রি করা হয়। এর মধ্যে আচার, পিঠা ও ভর্তা ছিল উল্লেখযোগ্য।

আয়োজকদের আশা, প্রতিবছরের মতো এবারও মেলাটি প্রবাসীদের মাঝে নতুন আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়াতে সক্ষম হয়েছে। সন্ধ্যা আটটার দিকে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ মেলার কার্যক্রম শেষ হয়।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: