শাহ সুহেল আহমদ, প্যারিস :
পরিবেশ, জলবায়ু ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাপী সমাধান খোঁজার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন ChangeNOW 2026-এর পর্দা উঠেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত নীতিনির্ধারক, উদ্যোক্তা, গবেষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হন।
প্যারিসের ঐতিহাসিক গ্রান্ড প্যালেস ভেন্যুতে আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন ১৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। আয়োজকদের তথ্যমতে, এবারের আসরে প্রায় ৪০ হাজার অংশগ্রহণকারী এবং হাজারাধিক উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপ যুক্ত হয়েছে, যারা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিচ্ছন্ন জ্বালানি, টেকসই কৃষি ও সামাজিক বৈষম্য দূরীকরণে কার্যকর সমাধান উপস্থাপন করছে।
উদ্বোধনী দিনে বক্তারা জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দেন। তারা বলেন, শুধুমাত্র নীতিগত অঙ্গীকার নয়, বরং বাস্তবমুখী উদ্যোগ এবং বিনিয়োগই পারে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে। বিশেষ করে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের ভূমিকা এই পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
সম্মেলনের বিভিন্ন সেশনে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, সবুজ অর্থনীতি এবং সামাজিক উদ্যোগের নতুন দিগন্ত তুলে ধরা হয়। পাশাপাশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বিশেষ নেটওয়ার্কিং আয়োজনও রাখা হয়েছে, যা নতুন প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ChangeNOW সম্মেলনটি বৈশ্বিকভাবে “solutions-focused platform” হিসেবে পরিচিত, যেখানে কার্যকর সমাধান তুলে ধরা হয়। আয়োজকরা আশা করছেন, এবারের আয়োজন থেকে উদ্ভূত ধারণা ও অংশীদারিত্ব ভবিষ্যতের পৃথিবীকে আরও টেকসই ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।




