কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর বস্তি এলাকায় সংবাদ সম্মেলন করার পরপরই হামলার শিকার হয়েছেন সৌদি ফেরত প্রবাসী নারী পলি বেগম। শনিবার (২৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পলি বেগম তার বসতবাড়ি দখল, ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তার পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে এবং তাদের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলন শেষে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর বিকেল ৫টার দিকে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পলি বেগমকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, সংবাদ সম্মেলনে ঘটনা প্রকাশ করায় প্রতিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



