নিজস্ব প্রতিবেদন :
মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে থেকেও স্বাধীনতার আবেগে একাত্ম হলেন প্রবাসী বাংলাদেশিরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্যারিসে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী আয়োজনে ছিল স্মরণ, শ্রদ্ধা ও ভবিষ্যৎ প্রত্যয়ের এক মেলবন্ধন।
সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জাতীয় সংগীতের সুরে ভেসে ওঠে প্রবাসে বসেও দেশের প্রতি ভালোবাসার গভীর অনুরণন। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্যারিসে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রাষ্ট্রদূত আরও বলেন, অসংখ্য প্রাণ ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দিবসের তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।






