সাইফুল ইসলাম রনি, ফ্রান্স:
শাহ্ গ্রুপের আয়োজনে ফ্রান্সে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ই মার্চ শুক্রবার প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত গার দ্য নর এলাকার শাহ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এই দোয়া ও ইফতার মাহফিলে ফ্রান্সে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের বাংলাদেশি সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক প্রবাস বাংলার সম্পাদক অপু আলোম, এটি এন বাংলার দেবেশ বড়ুয়া, যমুনা টেলিভিশনের আবু তাহের, আই অন টিভি ইউকের এনায়েত সোহেল, সময় টিভির লুৎফর রহমান বাবু,এন টিভি ইউকের আবুল কালাম মামুন, এস এ টিভির আব্দুল মালেক হিমু,ডিবিসি নিউজ ও চ্যানেল এস ইউকের ইকবাল মোহাম্মদ জাফর, দেশ টিভির নয়ন মামুন, বাংলাদেশ প্রতিদিন ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, এটি এন বাংলা ইউকের তাজ উদ্দিন, ঠিকানা পত্রিকার জুনায়েদ ফারহান,এশিয়া পোস্টের সাইফুল ইসলাম রনি এবং বাংলা টিভির রাসেল আহমেদসহ প্রমুখ।
ইফতারের আগে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
ইফতার শেষে উন্মুক্ত আলোচনায় প্রবাসে বাংলাদেশি কমিউনিটির বর্তমান অবস্থা, দেশের সার্বিক পরিস্থিতি, বিশ্ব রাজনীতি এবং ফ্রান্সে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রবাসে বসবাস করেও সাংবাদিকরা দেশের খবর ও প্রবাসী সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শাহা গ্রুপের কর্ণধার সাত্তার আলী সুমন শাহ আলম– উপস্থিত সকল সাংবাদিককে ধন্যবাদ জানানোর পাশাপাশি বলেন, প্রবাসে কর্মরত সাংবাদিকরা দেশ ও কমিউনিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও তারা যেন সবাই একত্রিত হয়ে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে পারে, সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





