নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে ফ্রান্সের প্যারিস উপকণ্ঠের অবারভিলিয়েতে অনুষ্ঠিত হচ্ছে একটি বিশেষ একক সঙ্গীতানুষ্ঠান। আগামী ২১ জুন ২০২৬ (রোববার) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠেয় সঙ্গীতানুষ্ঠানে একক শিল্পী হিসেবে দর্শক মাতাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জয়া বর্মণ।
40 Rue Hemet, 93300 Aubervilliers ঠিকানায় অনুষ্ঠিতব্য এই আয়োজনের মূল প্রতিপাদ্য হচ্ছে— “Celebrating Diversity, Uniting Hearts” এবং “One World, Many Voices, One Rhythm”। আয়োজকদের মতে, সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করাই এ অনুষ্ঠানের লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করবেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী জয়া বর্মণ। তার পরিবেশনায় বাংলা আধুনিক, লোকগান ও আন্তর্জাতিক সঙ্গীতের সমন্বয়ে একটি বৈচিত্র্যময় পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সহযোগী শিল্পী হিসেবে অংশ নেবেন প্যারিসপ্রবাসী গিটারবাদক তাজুল ইসলাম পলক, প্যারিসপ্রবাসী বেজ গিটারবাদক মিজান রহমান এবং কানাডাপ্রবাসী গিটারবাদক জয় সরকার, রিদম সেকশনে থাকছেন ডেনমার্কপ্রবাসী তালবাদক নেপাল ভাস্করএবং পর্তুগালপ্রবাসী কিবোর্ডবাদক ওমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অনামিকা প্রিয়া।
আয়োজকরা জানান, বিশ্ব সঙ্গীত দিবসের চেতনাকে ধারণ করে প্রবাসে বসবাসরত বিভিন্ন দেশের শিল্পীদের এক মঞ্চে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সঙ্গীতপ্রেমীরা একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলার স্বাদ পাবেন।
অনুষ্ঠানটি সকল সঙ্গীতপ্রেমীর জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের উপস্থিতিতে এ আয়োজন একটি স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হবে।



