নিজস্ব প্রতিবেদন:
সিলেট বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজন উপলক্ষে স্টল নির্মাণ, সাজসজ্জা ও প্রচার উপকমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান।
সভায় সভাপতির বক্তব্যে আশরাফুর রহমান বলেন, জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিজ্ঞান মেলা আয়োজন করা হবে। বিজ্ঞানচর্চায় শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
তিনি জানান, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেবেন। মেলার দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও পরিচয়পত্র বহন এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের প্রধানরা উপস্থিত ছিলেন।





