বাংলা টেলিগ্রাম ডেস্ক:
ফ্রান্সের জাতীয় দিবস (বাস্তিল দিবস) উপলক্ষে স্মরণ, আলোচনা সভা এবং আন্তর্জাতিক সংহতি মিছিলে অংশগ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ফ্রান্সভিত্তিক সামাজিক সংগঠন Solidarités Asie France (SAF)। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এবং নাগরিক দায়বদ্ধতার চেতনাকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুলাই) প্যারিসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১১টায় প্যারিসের Place de la République-এ স্বাধীনতা ও মানবাধিকারের জন্য আত্মত্যাগকারী নারী-পুরুষদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ফরাসি বিপ্লবের ইতিহাস, ১৪ জুলাইয়ের তাৎপর্য এবং আধুনিক ফরাসি প্রজাতন্ত্রের ভিত্তি নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, ধর্মনিরপেক্ষতা ও সক্রিয় নাগরিক অংশগ্রহণের মতো মূল্যবোধ শুধু ফ্রান্স নয়, সমগ্র বিশ্বের গণতান্ত্রিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি নতুন প্রজন্ম ও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে ফরাসি ইতিহাস ও নাগরিক মূল্যবোধ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিকেল ৩টায় SAF-এর প্রতিনিধিদল Place de la Bastille থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সংহতি মিছিলে অংশ নেয়। শান্তি, সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার, বৈষম্যহীন সমাজ এবং সকল মানুষের সমঅধিকারের দাবিতে আয়োজিত এ মিছিলে বিভিন্ন দেশের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
SAF-এর পক্ষ থেকে জানানো হয়, বাস্তিল দিবস কেবল একটি জাতীয় উৎসব নয়; এটি স্বাধীনতা, গণতন্ত্র এবং নাগরিক দায়িত্ববোধের প্রতীক। সংগঠনটি বিশ্বাস করে, বৈচিত্র্যের মধ্যেই প্রকৃত ঐক্য গড়ে ওঠে এবং পারস্পরিক সম্মান ও সংহতির মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ নির্মাণ সম্ভব।
সংগঠনটি জানায়, ফরাসি প্রজাতন্ত্রের মূল্যবোধ, আন্তঃসাংস্কৃতিক সংলাপ, সামাজিক সংহতি এবং নাগরিক সম্পৃক্ততা জোরদারে ভবিষ্যতেও তারা বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বাস্তিল দিবস উপলক্ষে এ ধরনের নাগরিক সম্পৃক্ততামূলক কর্মসূচি আয়োজনের ঘটনা বিরল। এ আয়োজনের মাধ্যমে ফরাসি সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক অংশগ্রহণ ও সম্পৃক্ততার একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






