ডেস্ক রিপোর্ট :
ফ্রান্সে বসবাসরত অভিবাসী ও নতুন কর্মপ্রত্যাশীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে সুশি (Sushi) প্রস্তুত ও পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে Solidarités Asie France (SAF)। শনিবার (১১ জুলাই) প্যারিসে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই ফরাসি ভাষা শিক্ষা, প্রশাসনিক সহায়তা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে মানুষের পাশে রয়েছে SAF। এরই ধারাবাহিকতায় এবার চালু করা হয়েছে সুশি প্রশিক্ষণ কর্মসূচি, যার মূল লক্ষ্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং অংশগ্রহণকারীদের শ্রমবাজারে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা।
বর্তমানে ফ্রান্সজুড়ে জাপানি রেস্টুরেন্ট, সুশি বার, ক্যাটারিং প্রতিষ্ঠান এবং হোম ডেলিভারি সেবার ব্যাপক সম্প্রসারণের ফলে দক্ষ কর্মীর চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু প্রয়োজনীয় মৌলিক প্রশিক্ষণের অভাবে অনেকেই এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন। SAF-এর এই উদ্যোগ সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনটি জানায়, এই প্রশিক্ষণের উদ্দেশ্য অল্প সময়ে কাউকে বিশেষজ্ঞ সুশি শেফ হিসেবে তৈরি করা নয়; বরং অংশগ্রহণকারীদের এমন একটি শক্ত ভিত্তি গড়ে দেওয়া, যাতে তারা সহজেই জাপানি রেস্টুরেন্টে চাকরির জন্য আবেদন করতে পারেন এবং কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলতে সক্ষম হন।
প্রশিক্ষণে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি, কোল্ড চেইন ব্যবস্থাপনা, পেশাদার রান্নাঘরের সরঞ্জাম ও ছুরি ব্যবহারের নিয়ম, সুশির জন্য উপযোগী ভাত প্রস্তুত, বিভিন্ন উপকরণ সঠিকভাবে কাটা, মাকি, নিগিরি, ক্যালিফোর্নিয়া রোলসহ বিভিন্ন ধরনের সুশি তৈরি, আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশন, পেশাদার কর্মপরিবেশে কাজের সংগঠন এবং নিয়োগকর্তার প্রত্যাশিত পেশাগত আচরণ ও শৃঙ্খলা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ পরিচালনা করছেন অভিজ্ঞ প্রশিক্ষক Rumon Ahmed ও Abdur Rahman। তারা নিজেদের বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অংশগ্রহণকারীদের মধ্যে তুলে ধরছেন।
এ উপলক্ষে SAF-এর সভাপতি নয়ন এনকে (Nayan NK) বলেন, “SAF বিশ্বাস করে একটি দক্ষতা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। অনেক মানুষ কাজ করতে চান, কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাবে চাকরির সুযোগ পান না। আমাদের দায়িত্ব তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া। এই সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণের মাধ্যমে আমরা অংশগ্রহণকারীদের এমন একটি ভিত্তি দিতে চাই, যাতে তারা সহজেই জাপানি রেস্টুরেন্টে চাকরির সুযোগ খুঁজে পান।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, বরং প্রত্যেক অংশগ্রহণকারী যেন আত্মবিশ্বাস অর্জন করেন, নতুন দক্ষতা শিখেন এবং নিজের ভবিষ্যৎ গড়ার সুযোগ পান। কর্মসংস্থান দারিদ্র্য ও সামাজিক অনিশ্চয়তা দূর করার অন্যতম কার্যকর উপায়। তাই ভবিষ্যতেও শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন পেশাভিত্তিক সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।”
তিনি স্বেচ্ছাসেবী হিসেবে সময় ও অভিজ্ঞতা দিয়ে প্রশিক্ষণ সফল করার জন্য প্রশিক্ষক রুমন আহমেদ ও আব্দুর রহমানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে অংশগ্রহণকারীদের আগ্রহ, পরিশ্রম ও উৎসাহেরও প্রশংসা করেন।
SAF-এর পক্ষ থেকে জানানো হয়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, বেকারত্ব কমানো এবং অভিবাসীদের আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আরও বিভিন্ন পেশাভিত্তিক বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে আরও বেশি মানুষ সম্মানজনক ও টেকসই কর্মজীবন গড়ে তোলার সুযোগ পান।





