নিজস্ব প্রতিবেদক:
জেনেভা প্রতিনিধি: বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভা সফরে গেলে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফ্রান্স বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দল প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করে।
শনিবার (৬ জুন) রাতে জেনেভা বিমানবন্দরে পৌঁছালে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে স্বাগত জানান। পরে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে প্রবাসীদের কল্যাণে ১৮ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে ঢাকা-প্যারিস সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
জানা গেছে, ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অংশ নিতে বিশ্বের ১৮৭টি দেশের সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি মিলিয়ে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি জেনেভায় সমবেত হয়েছেন। সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যেই মন্ত্রীর এই সফর।
সাক্ষাৎকালে ফ্রান্স বিএনপির নেতারা ইউরোপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সেবাপ্রাপ্তির জটিলতা এবং কর্মসংস্থান সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন। তারা প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।
এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রবাসীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম রাঙ্গা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বিএনপি নেতা মো. লুৎফর রহমান চৌধুরী, বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বিএনপি নেতা আব্দুল হাকিম, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি আবু বকর, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এম. আলী চৌধুরী, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমেদ, মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন এবং বিএনপি নেতা কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়নে সরকারের ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন ফ্রান্স বিএনপির নেতারা।




