সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

Sex Cams

জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সে সাংগঠনিক সংকট নিরসনে নতুন কর্মসূচি ঘোষণা




স্টাফ রিপোর্টার:

জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সাবেক নেতৃবৃন্দ ও আজীবন সদস্যদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির দীর্ঘদিনের সাংগঠনিক অচলাবস্থা, অনিয়ম ও নেতৃত্ব সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সংগঠনকে পুনরুজ্জীবিত করতে সদস্য সংগ্রহ, নির্বাচন কমিশন গঠন এবং নতুন কার্যকরী পরিষদ নির্বাচনের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্যারিসের লিগ্যাল এইড হলরুমে রোববার (২৮ জুন) রাত ৮টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের বর্তমান সাংগঠনিক সংকট ও বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। শুরুতে আহ্বায়ক আলতাফুর রহমান সংবাদ সম্মেলনের উদ্দেশ্য ও প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। এরপর কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও সংগঠনের সাবেক সহ-সভাপতি আজাদ মিয়া লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগ, অনিয়ম এবং পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক আলতাফুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামান, সাবেক সহ-সভাপতি জাবেদ হুসেন, মোহাম্মদ ছাদ ও আজাদ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হুসেন মোজাহিদ, সাবেক সহ-অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস এবং সাবেক কার্যনির্বাহী সদস্য কাদির আহমেদ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জালালাবাদ এসোসিয়েশন ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্বব্যাপী তুলে ধরা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে প্রতিষ্ঠিত এ সংগঠনের বিভিন্ন দেশের মতো ফ্রান্সেও ২০১৮ সালে একটি শাখা গঠন করা হয়। পরে ফ্রান্সের প্রচলিত অ্যাসোসিয়েশন আইন অনুযায়ী সংগঠনটি নিবন্ধিত হয় এবং একটি সংবিধান প্রণয়ন করা হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সাংগঠনিক অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার কারণে কার্যক্রম ক্রমেই স্থবির হয়ে পড়ে। বক্তাদের অভিযোগ, সংগঠনের সভাপতি দীর্ঘ কয়েক বছর ধরে ফ্রান্সের বাইরে স্থায়ীভাবে বসবাস করলেও সাংগঠনিকভাবে তার পদে কোনো পরিবর্তন আনা সম্ভব হয়নি। একই সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘ প্রায় আট বছর ধরে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ না করে দায়িত্ব পালন করে আসছেন বলে অভিযোগ করা হয়।

বক্তারা আরও অভিযোগ করেন, ২০২২ সালে সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য গঠিত তহবিলের অর্থ এখনো বিতরণ করা হয়নি। এছাড়া সংগঠনের নামে কোনো ব্যাংক হিসাব না থাকায় আর্থিক লেনদেনে স্বচ্ছতার অভাব তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন।

তাদের ভাষ্য অনুযায়ী, কার্যকরী পরিষদের সদস্যদের মতামত উপেক্ষা করে দীর্ঘদিন ধরে এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের কারণে সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি হয়। এর ফলে অনেক প্রগতিশীল ও শিক্ষিত সিলেটি প্রবাসী সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহ হারিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

বক্তারা জানান, এসব বিষয়ে দীর্ঘদিন সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটি চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি একটি আহ্বায়ক কমিটি গঠন করে এবং ১০০ দিনের মধ্যে নতুন কার্যকরী পরিষদ গঠনের নির্দেশনা দেয়। তবে নির্ধারিত সময় অতিক্রম হলেও নতুন কমিটি গঠনে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে পুনরায় সক্রিয় করতে নতুন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তারা জানান।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের চার জেলার প্রবাসীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা, ১৫ আগস্টের মধ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে নতুন কার্যকরী পরিষদ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা এবং আগামী ৩০ আগস্ট (রবিবার) সম্মেলনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির পরিচিতি ঘোষণা করা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তাদের লক্ষ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়; বরং জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সকে একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সংগঠন হিসেবে পুনর্গঠন করা। এজন্য তারা ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের সর্বস্তরের প্রবাসীদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: