নিজস্ব প্রতিবেদক, সিলেট :
সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, এ অঞ্চলের শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়নে দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন করা প্রয়োজন।
বুধবার (১৫ এপ্রিল) নগরের মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। সিলেট অঞ্চলের মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রমমন্ত্রী বলেন, প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিগত সরকারের অবহেলার কারণে তা বাস্তবায়িত হয়নি। তিনি দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান।
এছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অপরাজনীতি মুক্ত রেখে এর সার্বিক উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান।
শিক্ষা খাতের বিদ্যমান সংকট তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, জেলায় বর্তমানে প্রায় ৮৫০টি শিক্ষক পদ শূন্য রয়েছে। বিশেষ করে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও অবকাঠামোগত সংকট তীব্র। ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব পদ শূন্য থাকায় ভারপ্রাপ্তদের মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি দ্রুত শিক্ষক নিয়োগ, নতুন ভবন নির্মাণ এবং কোম্পানীগঞ্জের এম. সাইফুর রহমান কলেজকে সরকারিকরণের দাবি জানান। পাশাপাশি আলিয়া ও কওমি মাদ্রাসার উন্নয়ন এবং কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, সিলেটের শিক্ষা বিস্তারে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগের মাধ্যমে সংকট নিরসনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় উন্নয়নের স্বার্থে শিক্ষাখাতে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও কয়ছর আহমদ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নূরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।




