শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

Sex Cams

ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা




নিজস্ব প্রতিবেদন :

ফ্রান্স ও বাংলাদেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ব্যবসায়িক সংগঠন ‘ফ্রান্স–বাংলাদেশ বিজনেস ফোরাম’। সংগঠনটি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী মেরী দো ওবারভিলিয়ের একটি অভিজাত কনফারেন্স সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জুনায়েদ আহমেদ। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক নাজির উদ্দিন জেসরীর সঞ্চালনায় এবং ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের একটি কার্যকর প্ল্যাটফর্মের আওতায় এনে দুই দেশের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদার করাই এ সংগঠনের মূল লক্ষ্য। তারা বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি, রপ্তানি বৃদ্ধি এবং যৌথ উদ্যোগে শিল্পকারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে কাজ করবে ফোরামটি।

সংগঠনের নেতারা আরও বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে তৈরি পোশাক, কৃষি, তথ্যপ্রযুক্তি, চামড়াজাত পণ্য ও হালকা শিল্প খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাগুলো ফরাসি ব্যবসায়ীদের সামনে তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিভিন্ন সেমিনার, বিজনেস মিটিং ও আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ কার্যক্রম পরিচালনা করবে ফোরামটি।
তারা আরও জানান, সংগঠনটি শুধু ব্যবসায়িক উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না; বরং দেশে কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায়ও কাজ করবে। পাশাপাশি ফ্রান্সে বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনেও ভূমিকা রাখবে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধি দল বিনিময়, বিনিয়োগ সম্মেলন আয়োজন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহ্ জামাল, আলতাফুর রহমান ও ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও মনোয়ার হোসেন মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল্লাহ স্বপন, দপ্তর সম্পাদক শামীম আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ফ্রান্সে কর্মরত বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সফলতা কামনা করে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন এবং ভবিষ্যতে ফ্রান্স–বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: