কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারস্থ পৌর মার্কেটের ১ম তলার শুভ উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি।
শনিবার (৯ মে) সকাল ১০টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ফিতা কেটে পৌর মার্কেটের ১ম তলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় পৌর এলাকার ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পৌর মার্কেটের সম্প্রসারণের ফলে ব্যবসায়ীরা উন্নত পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, কমলগঞ্জ উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। জনসাধারণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত পৌর মার্কেটের ১ম তলা চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আধুনিক সুবিধাসম্পন্ন এই মার্কেট চালুর ফলে ক্রেতা-বিক্রেতা উভয়েই উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।




