নিজস্ব প্রতিবেদন :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে Solidarité Aji France (সাফ) প্যারিসে ‘নারীকথা’ শীর্ষক এক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (৭ মার্চ) প্যারিসের ঐতিহাসিক Place de la République সংলগ্ন ‘বুজ দ্যু থাবাই’ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন Paris-Est Créteil University-এর এইআই ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক Marcella Henderson-Pill। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, সচেতনতা এবং পারিবারিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্যারিসের যুব কাউন্সিলর ও সাফের সভাপতি, লেখক Noyon NK। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন Hasnat Jahan ও Nilufar Jahan।
সাফ কর্মকর্তা Towhid Ahmed, Tasnia Anjum ও Ruman Ahmed-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক Shahin Ahmed। শুভেচ্ছা বক্তব্য দেন ডা. Jahrin Nupur, Farzana Alam, Shahnaz Akter ও Bidyut Morshed। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী Munir Kader।
অনুষ্ঠানের শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন Joyita Barua, Nabakumar Barua ও Nabonita Barua।
অনুষ্ঠানের প্রথম পর্বে “পিতামাতার সহায়তা এবং শিশু সুরক্ষা: পুনর্বিবেচনামূলক অনুশীলন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশু সুরক্ষা এবং নারীর ক্ষমতায়ন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে Nilufar Jahan ও Hasnat Jahan-কে ‘সাফ নারী সম্মাননা’ প্রদান করা হয়। এ সময় তাঁদের জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, সমাজ ও জাতির উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।






