নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বুড্ডিস্ট কাউন্সিল অব ফ্রান্স ও ফ্রান্স আন্তর্জাতিক শিল্পকলা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ফ্রান্সে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা ‘আন্তর্জাতিক ভেসাখ ডে-২০২৬।’
রোববার (৭ জুন) প্যারিসের পার্শ্ববর্তী ববিনি সিটি কাউন্সিলের হলরুমে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা তুলে ধরা হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, ধর্মীয় নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন।
কাঁকন বড়ুয়া ও মিশেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে বুদ্ধ পূজা, মঙ্গলাচরণ, ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, বুদ্ধ স্নান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া ও শ্রীলঙ্কার পূজনীয় ভিক্ষুসংঘ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বৌদ্ধ দর্শনের গুরুত্ব তুলে ধরে ধর্মদেশনা প্রদান করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বুড্ডিস্ট কাউন্সিল অব ফ্রান্সের সভাপতি সিবলী বড়ুয়া। স্বাগত বক্তব্যে তিনি প্রবাসে বৌদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও নিউ উ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাওসের রাষ্ট্রদূত কালামুংখৌন সউহানোইভং, ববিনির মেয়র আবদেল সাদি, বিশিষ্ট নিউরো সায়েন্টিস্ট অধ্যাপক ড. উত্তম বড়ুয়া এবং ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ। বক্তারা তাঁদের বক্তব্যে বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার বাণী বর্তমান বিশ্বে আরও বেশি প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।
নবকুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে মৌসুমী চক্রবর্তী, সাইফুল ইসলাম, চয়ন বড়ুয়া, আবু বক্কার আল-আমিন, উত্তম বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া ও নিশিতা বড়ুয়াসহ অন্যান্য শিল্পীরা অংশ নেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শুভাশিষ বড়ুয়া, জিতু বড়ুয়া ও সেবক বড়ুয়াসহ কমিউনিটির প্রতিনিধিরা। দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রমোদ বড়ুয়া, জনি বড়ুয়া, চম্পা বড়ুয়া, শুভ বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুজিত বড়ুয়া, গৌতম বড়ুয়াসহ সংগঠনের অসংখ্য সদস্য ও স্বেচ্ছাসেবক।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তর্জাতিক কূটনৈতিক উপস্থিতি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও প্রবাসে বৌদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







