কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ক্যামেলিয়া হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন চা শ্রমিকরা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় শমশেরনগর চা বাগান ফ্যাক্টরির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “চা শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতেই হবে”— এ স্লোগানে আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষ শ্রমিক অংশ নেন।
শমশেরনগর, কানিহাটি, বাঘীছড়া, দেওছড়া ও ডাবলছড়া চা বাগানের শ্রমিক, বাগান পঞ্চায়েত, ছাত্র ও যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। তারা দ্রুত ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, শ্রমিক নেতা সীতারাম বিন, নির্মল দাস পাইনকা, ইউপি সদস্য ইয়াকুব মিয়া, নমিতা সিংহসহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, গত ২৬ মার্চ শমশেরনগর চা বাগানের এক কিশোরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের অবরুদ্ধ করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হাসপাতালটির চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়।
তাদের অভিযোগ, হাসপাতালটি বন্ধ থাকায় কমলগঞ্জ ও আশপাশের ৩৫টি চা বাগানের প্রায় এক লাখ শ্রমিক ও তাদের পরিবারের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে জরুরি চিকিৎসা, মাতৃসেবা ও শিশু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিক পরিবারগুলো।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হবে।



