বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

Sex Cams

তারেক রহমানকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেন কাজী এনায়েত উল্লাহ




নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তিনি ‘মোরগ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বিএনপির এক নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে দলীয় প্রার্থী তারেক রহমান।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে কাজী এনায়েত উল্লাহ বলেন, “আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। উনার (তারেক রহমান) চেয়ে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে যোগ্য প্রার্থী নেই।” তিনি আরও বলেন, “আমি এবং আমার সমর্থকরা আজ থেকে ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

ফ্রান্স থেকে আবুল কালাম মামুন জানান, অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর মহাসচিব ও ইউরোপের সুপরিচিত ব্যবসায়ী, ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। প্রবাসীদের বিভিন্ন অধিকার ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে প্রবাসীদের অধিকার, এলাকার উন্নয়ন এবং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার পর তিনি একমত পোষণ করেন এবং শেষ পর্যন্ত তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

ঘোষণার পর মঞ্চে তারেক রহমান ও কাজী এনায়েত উল্লাহর কুশল বিনিময়ের দৃশ্য উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সৃষ্টি করে। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাদের সমর্থন জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রার্থিতা প্রত্যাহারের এ ঘোষণা ঢাকা-১৭ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে প্রবাসী ভোটার ও সংশ্লিষ্ট মহলে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক: শাহ সুহেল আহমদ
প্যারিস ফ্রান্স থেকে প্রচারিত

সার্চ/খুঁজুন: