নিজস্ব প্রতিবেদন:
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ অভারভিলিয়েতে অনুষ্ঠিত হলো বহুভাষিক আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’। শনিবার (১১ এপ্রিল) বিকেলে স্থানীয় একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা ভাষার পাশাপাশি ফরাসি, ইতালিয়ান, আরবি, জার্মান ও পার্সিয়ান ভাষায় কবিতা আবৃত্তি করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ফরাসি সাংস্কৃতিক সংগঠন ওভারভাবেল এবং আবৃত্তি সংগঠন ‘অক্ষর’। বিভিন্ন ভাষার কবিতাকে এক মঞ্চে উপস্থাপনের এই ব্যতিক্রমী উদ্যোগে অংশ নেন ভিন্ন ভাষাভাষী কবি ও আবৃত্তিশিল্পীরা। প্রতিটি কবিতা ফরাসি ও ইংরেজি ভাষায় অনুবাদ করে অংশগ্রহণকারীদের হাতে সরবরাহ করা হয়, যা অনুষ্ঠানে আন্তঃসাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করে।
আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ম্যাজো পোখ তুস। বাংলা কবিতাকে তার মৌলিক রূপে উপস্থাপনের পাশাপাশি অন্যান্য ভাষায় অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার এই প্রয়াস উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানের প্রধান পরিকল্পনাকারী ঈষাণ দেওয়ান জানান, এর আগে ফ্রান্স ও ইতালিতে এ ধরনের আরও দুটি আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশেও এই বহুভাষিক কবিতা সন্ধ্যার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, “বাংলা কবিতাকে বিশ্বের নানা ভাষার কবিতার সঙ্গে একই মঞ্চে উপস্থাপন করার মাধ্যমে একধরনের সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি হচ্ছে, যা আগামী দিনেও অব্যাহত থাকবে।”
বহুভাষিক এই কবিতা সন্ধ্যা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




