ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতা পেশায় শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং আইনজীবীদের বার কাউন্সিলের আদলে নিবন্ধন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তিনি বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে আইনটি যুগোপযোগী করা হচ্ছে।
মন্ত্রী জানান, প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পাশাপাশি বার কাউন্সিলের মতো নিবন্ধন ব্যবস্থা চালুর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকতা পেশায় দক্ষতা, নৈতিকতা ও পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করা সহজ হবে বলে সরকারের প্রত্যাশা।
এ ছাড়া সংশোধনীতে মিথ্যা, হয়রানিমূলক ও নীতিবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের বিধান রাখার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের অভিযোগে প্রেস কাউন্সিলকে স্বপ্রণোদিত হয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার কথাও বলা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রমকে সরকার সমর্থন করে না।
প্রস্তাবিত আইন সংশোধন কার্যকর হলে সাংবাদিকতা পেশায় প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার একটি নতুন কাঠামো তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তবে এসব বিধান চূড়ান্ত করতে আইন সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।




