নিজস্ব প্রতিবেদন :
প্রবাস জীবনের ব্যস্ততা, দূরত্ব আর একাকিত্বের বাস্তবতার মাঝেও উৎসবের আনন্দ ভাগাভাগি করতে একত্র হলেন ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা। সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পেশাগত বন্ধনের উজ্জ্বল প্রকাশ ঘটিয়ে রাজধানী প্যারিস-এ অনুষ্ঠিত হলো তাদের প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী।
রোববার নগরীর একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক অপু আলম এবং সঞ্চালনা করেন সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল। অনুষ্ঠানে প্রবাসজীবনের কঠিন সংগ্রাম ও ব্যস্ত সময়ের মধ্যেও সাংবাদিকদের মিলনমেলা এক অনন্য আবহ সৃষ্টি করে।
পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তাহির, লুৎফুর রহমান বাবু, ফেরদৌস করিম আখনজি, শাহ সুহেল আহমদ, নয়ন মামুন, আবুল কালাম মামুন, এমসি রোমেল, জুনেদ ফারহান, খালেদ গোলাম কিবরিয়া, আশিক আহমেদ উল্লাস, বাদল কৃষ্ণ পাল, ফরিদ আহমেদ রনি, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম রনি, মো. হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ঈদ পুনর্মিলনীর মতো আয়োজন প্রবাসী সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পেশাগত সহযোগিতার মনোভাবকে আরও সুদৃঢ় করে।





