নিজস্ব প্রতিবেদন :
বিশিষ্ট কবি ও গবেষক আবু জুবায়ের সম্পাদিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ “Au Revoir Madame” শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্যারিসের সাংস্কৃতিক কেন্দ্র La Ruche-এ, যা দীর্ঘদিন ধরে শিল্পী, চিন্তাবিদ ও সমাজকর্মীদের এক গুরুত্বপূর্ণ মিলনস্থল হিসেবে পরিচিত। এই আয়োজনে বিভিন্ন পেশা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, ফলে অনুষ্ঠানটি এক বহুমাত্রিক ও প্রাণবন্ত রূপ লাভ করে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এলিয়াস মর্টিনেলি (প্রজেক্ট ইনকিউবেশন চিফ, La Ruche), পার্টিসিয়া কারমেন, স্যামসন (সিইও, পিএম কনসাল্টিং এবং মানবিক কর্মী), শিল্পী আন্না প্রেপাত্রুলেসন, ফ্যাসিলিটেটর মি. ফিনিক, মি. মফিউ, সংগঠন পরামর্শক প্যাসকাল হজর, এফিলন জসিন, ফিলেয়া ফিল (SCIC SAPIE / La Scénosphère) এবং মিস সাওসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, এই গ্রন্থটি কেবল একজন রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং তাঁর সংগ্রামী জীবনের এক দলিল হিসেবেও বিবেচিত হতে পারে।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই প্রকাশনা কেবল একটি বই উন্মোচন নয়, বরং স্মৃতি, সম্মান এবং ইতিহাসকে ধারণ করার একটি প্রয়াস। উপস্থিত অতিথিরা গ্রন্থটির বিষয়বস্তু ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন এবং এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





